নারায়ণগঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকায় গত সোমবার রাতে শাহিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বামী বশির মিয়ার মারধরে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। বশিরকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। শাহিদার পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সাত দিন আগে শাহিদার সঙ্গে তল্লা এলাকার ভ্যানচালক বশিরের বিয়ে হয়। এটা ছিল শাহিদার দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর জের ধরে সোমবার সন্ধ্যায় শাহিদাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও বেধড়ক মারধর করেন বশির। একপর্যায়ে শাহিদা অচেতন হয়ে পড়লে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য শাহিদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, এ ঘটনায় মৃত শাহিদার ভাই হত্যা মামলা করেছেন। বশিরকে তল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।