নারায়ণগঞ্জে গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গতকাল শুক্রবার কুলসুম বেগম (২৮) নামের একজন গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার তিনি নিখোঁজ হন। যৌতুকের জন্য কুলসুমকে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ফতুল্লার তক্কার মাঠ সেহাচর এলাকার মৃত ফকির চানের মেয়ে কুলসুমের সঙ্গে কাশিপুর মাদবর বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে রিপনের নয় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। বুধবার কুলসুম বেগম নিখোঁজ হলে এ বিষয়ে তাঁর বড় ভাই নান্নু মিয়া থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল দুপুর ১২টার দিকে কাশিপুর মাদবর বাজার এলাকায় তাঁদের বাড়ির পাশের একটি পুকুরে বস্তাবন্দী অবস্থায় কুলসুমের লাশ পাওয়া যায়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে তিন দিন আগেই হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুলসুমের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।