নারায়ণগঞ্জে গোয়েন্দা পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে একদল ব্যক্তি গতকাল রোববার নারায়ণগঞ্জ নগরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের এক ডাল ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে গাজীপুরে ছেড়ে দেওয়া হয়।অপহরণের শিকার ব্যবসায়ী বিজয়কৃষ্ণ দাসের ভাগনে অমিত মণ্ডল সাংবাদিকদের বলেন, গতকাল সকালে তাঁর মামা বিজয়কৃষ্ণ দাস নিতাইগঞ্জের মাছুয়াপাড়া এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মদনমোহন ভান্ডারে যাচ্ছিলেন। নিতাইগঞ্জের ফায়ারঘাট পোস্ট অফিস এলাকায় মাইক্রোবাসযোগে আসা ছয় ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে তাঁর মামাকে গাড়িতে তুলে নেয়। এ সময় আশপাশের লোকজন গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানতে চাইলে ওই ব্যক্তিরা জানায়, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বেলা দুইটার দিকে তাঁর মামাকে গাজীপুরের একটি নির্জন স্থানে ফেলে রেখে যান ওই ব্যক্তিরা।সূত্র জানায়, নিতাইগঞ্জের ডালপট্টির সবচেয়ে বড় ব্যবসায়ী বিজয়কৃষ্ণ দাস। এদিকে প্রকাশ্যে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের তেল-চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর চন্দ্র সাহা বলেন, প্রকাশ্যে জনাকীর্ণ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ নিতাইগঞ্জে অভিযান চালায়নি। অজ্ঞাতপরিচয় দুর্বৃৃত্তরা ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর সঙ্গে থাকা দুই হাজার টাকা ও মুঠোফোন রেখে তাঁকে গাজীপুরে ফেলে যায়। পরে তিনি নারায়ণগঞ্জে চলে আসেন। ওসি বলেন, ওই ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর কাছে দুই হাজার টাকা ও মুঠোফোন ছাড়া কিছু ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।