নারায়ণগঞ্জে গ্যাস-সংকটেশিল্প উত্পাদন ব্যাহত
গ্যাসের অভাবে নারায়ণগঞ্জে শিল্পকারখানার উত্পাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। শিল্পমালিকেরা জানিয়েছেন, অনেক কারখানায় উত্পাদন প্রায় অর্ধেক কমে গেছে।ফতুল্লার রপ্তানিমুখী কম্পোজিট গার্মেন্ট কারখানা মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, গ্যাস-সংকটের কারণে তাঁর ফ্যাক্টরির ক্ষমতার মাত্র ৩০ ভাগ কাজ করা সম্ভব হচ্ছে। এতে করে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যাচ্ছে না। অনেক সময় সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত সময় কাজ করানোয় শ্রমিকেরা অসন্তুষ্ট হচ্ছে বলে তিনি জানান।পঞ্চবটীর বিসিক শিল্প নগরের এম বি নিটওয়্যারের মালিক মোহাম্মদ হাতেম বলেন, সিএনজি স্টেশন বন্ধের কোনো সুফল শিল্পকারখানায় পড়ছে না। গ্যাসের অভাবে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ডাইংয়ের উত্পাদন অর্ধেক হয়ে গেছে।প্রয়োজনীয় গ্যাসের চাপ পেতে অনেক শিল্পমালিক গ্যাসের চাপ বৃদ্ধির যন্ত্র বা ডিআরএস বসালেও কাজ হচ্ছে না। ফতুল্লার জালাল আহম্মেদ স্পিনিং মিলের পরিচালক শাহীদ আলম বলেন, তিতাসের সঙ্গে তাঁদের ১৫ পিএসআই চাপে গ্যাস সরবরাহের চুক্তি থাকলেও সপ্তাহের বেশির ভাগ দিনই গ্যাসের চাপ থাকে মাত্র এক পিএসআই। গ্যাস-সংকটের কারণে তাঁর কারখানায় উত্পাদন অর্ধেকে নেমে গেছে।এদিকে কয়েকজন প্রভাবশালী শিল্পমালিকের বিরুদ্ধে তিতাসের হাইপ্রেসার ন্যাশনাল নেটওয়ার্ক পাইপলাইন থেকে সরাসরি গ্যাস টেনে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।তিতাসের একটি সূত্র জানিয়েছে, ফতুল্লা শিল্পাঞ্চলের কমপক্ষে ১৫টি বড় শিল্পপ্রতিষ্ঠানের মালিক তিতাসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ন্যাশনাল নেটওয়ার্ক থেকে সরাসরি গ্যাস টেনে নিচ্ছেন। তিতাসের গোদনাইল সরবরাহকেন্দ্র থেকে ফতুল্লা পোস্ট অফিস রোড পর্যন্ত (শ্যামপুর-মুন্সিগঞ্জ লাইনের সঙ্গে সংযুক্ত) ১৫০ পিএসআই চাপের ১২ ইঞ্চি ব্যাসের লাইন থেকে এ গ্যাস নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।