নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ, আহত ১০
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের পরিবেশকের গুদামে গতকাল বৃহস্পতিবার ভোরে বিস্ফোরণে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন।আহত শ্রমিকেরা হলেন: রাজীব আহম্মেদ, মিজানুর রহমান, আজিজুল হক, আলী হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, আমির হোসেন, মিজান আহম্মেদ, জামাল হোসেন ও আবদুল করিম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টার দিকে ভূঁইগড় কাজীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এমএস রুহিন এন্টারপ্রাইজ নামের ওই গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে কারখানার অন্তত ১০ জনের শরীরের অনেক অংশই ঝলসে যায়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়। বিস্ফোরণে গুদামের টিনের চাল উড়ে গেছে এবং দুই দিকের দেয়াল ধসে পড়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর থেকে রুহিন এন্টারপ্রাইজের মালিক ফয়সাল রানা পলাতক রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জরুরি এলপি গ্যাস ও অক্সিজেন সরবরাহকারী লেখা একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।