নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বাড়িতে গ্যাসের আগুনে কন্যাশিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন রায়হান (৩৫) ও স্ত্রী মায়া (৩০) এবং তাঁদের সন্তান মরিয়ম (২)। গতকাল মঙ্গলবার ভোরে স্বল্পেরচক এলাকায় বিল্লাল হোসেনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপপরিচালক দীনমনি শর্মা জানান, সম্ভবত রাতের কোনো একসময় পাইপলাইন লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়েছিল। সকালে কোনো কারণে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার চিতাশাল এলাকায় ভোরে ওই বাড়ির ভাড়াটে দিনমজুর রায়হানের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই কক্ষের বাড়িটির টিনের চাল উড়ে যায়। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী পাশের কক্ষের ভাড়াটে সেলিম মিয়া জানান, বিকট শব্দ শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। তখন তিনি আগুন আগুন চিৎকার শুনে দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে দেখেন, তাঁর পাশের ভাড়াটে রায়হান ও মায়া দগ্ধ হয়ে বাইরে ছুটে আসেন। তখন তিনি তাঁদের ঘর থেকে কাঁথা এনে গায়ে জড়িয়ে দেন। পরে দগ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।