নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস-সংকটের কারণে রান্নাবান্না নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এ ছাড়া এই সংকটের কারণে শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে।নারায়ণগঞ্জ নগরের বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, বাবুরাইল দেওভোগ, নিমতলা, সুতারপাড়া, মণ্ডলপাড়া, টানবাজার, কালীবাজার, পালপাড়া, দেওভোগ, কাশিপুর, গলাচিপা, নন্দীপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, ইসদাইর, মাসদাইর, গাবতলী, উত্তর চাষাঢ়াসহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে বলে জানা গেছে।নগরের বাবুরাইল এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনজুরুল আলম বলেন, গ্যাস-সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাত ১২টার পর গ্যাসের চাপ বাড়ে, আবার ভোর ছয়টার আগে চাপ কমে যায়। এতে রান্নাবান্নায় সমস্যা হচ্ছে। এ ছাড়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হচ্ছে।এদিকে গ্যাস-সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে অবস্থিত রপ্তানিমুখী নিটওয়্যার উৎপাদনকারী কারখানা নেভী হোসিয়ারির সহযোগী প্রতিষ্ঠান এমএস ডায়িংয়ের উৎপাদন পরিচালক বাবুল হোসেন বলেন, তাঁদের প্রতিষ্ঠানে রপ্তানিমুখী নিটওয়্যার পণ্যের ডায়িং করা হয়। কিন্তু দুই মাস ধরে গ্যাসের চাপ না থাকায় ২৪ ঘণ্টার মধ্যে কারখানাটি ১৯ ঘণ্টাই বন্ধ থাকছে। ডায়িং কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা ১৮ টন হলেও তা কমে দাঁড়িয়েছে পাঁচ টনে। ডায়িং করতে না পারায় প্রচুর কাজ জমে গেছে। একই অবস্থা নারায়ণগঞ্জের গ্যাসনির্ভর অন্যান্য শিল্পকারখানারও।নিট প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নরসিংদী সদর থেকে মনোহরদী পর্যন্ত কমপ্রেসার লাগানোর পর কিছুটা গ্যাসের প্রেশার বাড়লেও কয়েক মাস ধরে তা কমে গেছে। দিনের বেলায় গ্যাস পাওয়া যায় না। রাতে কিছুটা গ্যাস এলেও প্রেশার কম। তিনি আরও বলেন, গ্যাস-সংকটের কারণে উৎপাদন কমে গেছে। এ কারণে বিদেশি ক্রেতারা অন্য দেশে কার্যাদেশ দিচ্ছে। তিনি বলেন, এতে বাজার হারানোর আশঙ্কা রয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয় সূত্র জানায়, নারায়ণগঞ্জে গ্যাসের চাহিদা ১২৫ মিলিয়ন ঘনফুট। সরবরাহ করা হচ্ছে ৮২ মিলিয়ন ঘনফুট। সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করায় এই সংকটের সৃষ্টি হয়েছে।সূত্রমতে, সিদ্ধিরগঞ্জ থেকে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইন গোদনাইল এবং গোদনাইল থেকে ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ফতুল্লার পঞ্চবটী পর্যন্ত লাগানো হলে এই সমস্যা থাকবে না। পাইপলাইন বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিতাস গ্যাস সূত্রমতে, শীতে গ্যাসের পাইপলাইনে গ্যাসের সঙ্গে থাকা তেল জমে সরবরাহ বিঘ্নিত হচ্ছে।