নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও
গ্যাস-সংকট নিরসনের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জের কমিউনিস্ট পার্টি। দলটির নেতা-কর্মীরা চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক অফিস গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘেরাও করে রাখেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা রমজান মাসের আগে গ্যাস-সংকটের সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন।সকালে শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার মিলনায়তনের সামনে পার্টির শহর শাখার নেতা-কর্মীরা জড়ো হয়ে প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা ‘গ্যাস দাও, মানুষ বাঁচাও’ স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়ায় তিতাস গ্যাসের আঞ্চলিক অফিস ঘেরাও করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে শহর কমিউনিস্ট পার্টির সভাপতি রবীন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জিয়াউল হায়দার, দুলাল সাহা, শিবনাথ চক্রবর্তী, বিমল কান্তি, সাহানারা বেগম, আবদুল হাই শরীফ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসের আগেই গ্যাস-সংকটের সমাধান না হলে তাঁরা কঠোর আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবেন। সমাবেশ শেষে নেতারা তিতাস গ্যাসের ম্যানেজারের কাছে স্মারকলিপি দেন। এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মশিউর রহমান বলেন, ‘আমরা সরবরাহ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’