নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের দাবিতে নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করা হয়। পাশাপাশি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, বিএনপির নেতা সরকার হুমায়ূন কবীর, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামান, পৌর কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শহরের টানবাজার, দেওভোগ, কাশিপুর, মাসদাইর, কলেজ রোড, জামতলা, ইসদাইর, আমলাপাড়া, পাইকপাড়া, শীতলক্ষ্যা, কুতুবপুর, নগর খানপুর, খানপুর, হাজীগঞ্জ, নন্দীপাড়া ও বাবুরাইলে গ্যাসের তীব্র সংকট চলছে। মাঝেমধ্যে আন্দোলনের মুখে কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। কিন্তু সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয় না। ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন বক্তারা।প্রতিবাদ সমাবেশ শেষে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।