নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংকটের সমাধানের দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয় ঘেরাও করেছেন এলাকাবাসী। বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেন। পরে কর্তৃপক্ষ গ্যাসের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী ঘেরাও কর্মসূচি তুলে নেন।জানা গেছে, সকালে ফতুল্লার ইসদাইর, মাসদাইর, গাবতলী, পশ্চিম মাসদাইর, উত্তর মাসদাইর আলামিন বাগ এলাকার লোকজন গ্যাস-সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করেন। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ ও ফতুল্লায় তীব্র গ্যাস-সংকট বিরাজ করছে। প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ থাকে না। এতে ভোলাইল, কাশীপুর, বিসিক, বাড়ৈভোগ, পশ্চিম দেওভোগ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, বাবুরাইল, মাসদাইর, পশ্চিম মাসদাইর, উত্তর মাসদাইর গলাচিপা, ডিএন রোড, ভুঁইয়ার বাগ, ইসদাইর, খানপুর, আমলাপাড়া, গাবতলী, নিতাইগঞ্জসহ বিভিন্ন এলাকার লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা। অন্যদিকে গ্যাস-সংকটের কারণে শত শত শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবত জনগণ দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আমির হোসেন জানান, ‘আমরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। এ কারণেই সংকট সৃষ্টি হচ্ছে।’