নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে তিতাসের কার্যালয় ঘেরাও
অব্যাহত গ্যাস-সংকট নিরসনের দাবিতে গতকাল রোববার নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।সূত্র জানায়, গতকাল সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া, শাহসুজা রোড, জল্লারপাড়, আমহাট্টা, কাদিয়া নগর, ঋষিপাড়া, নামাপাড়া, মধ্য পাইকপাড়া, ভূইয়াপাড়া, কড়ইতলা, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকার কয়েক শ বাসিন্দা নগরের চাষাঢ়া বালুরমাঠে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। এর আগে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে তাঁরা তিতাসের ব্যবস্থাপক মো. মুনিরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। এতে ১৫ দিনের মধ্যে বিদ্যমান গ্যাস-সংকট নিরসনের দাবি জানানো হয়।বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, দুই বছরের বেশি সময় ধরে তাঁরা গ্যাস-সংকটে ভুগছেন। বর্তমানে ১৭ নম্বর ওয়ার্ডে গ্যাস-সংকট প্রকট আকার ধারণ করেছে। গ্যাস দিনের বেলায় তো থাকেই না, রাতের বেলায়ও আসে না।