নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিএনপির মানববন্ধন
নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল শনিবার বিকেলে বন্দর উপজেলা বিএনপি মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বন্দরের সোনাকান্দায় দুর্গের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও যুবদলের নেতারা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে গ্যাস সংকট দূরীকরণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনশীল পর্যায়ে নামিয়ে আনার জোর দাবি জানান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন-বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া বক্তব্যে অবিলম্বে গ্যাস সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।মানববন্ধন চলাকালে বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা হাজি নুরুদ্দিন, মাজহারুল ইসলাম, দুলাল হোসেন প্রমুখ।