নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকটের প্রতিবাদে এবং এ সমস্যা দ্রুত সমাধানের দাবিতে গতকাল সোমবার ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার ভূঁইগড় ও জালকুড়ি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। নগরের দেওভোগ মাদ্রাসা রোড এলাকার গৃহবধূ জিন্নাত আরা বলেন, ‘শনিবার রাত থেকেই আমরা গ্যাস পাচ্ছি না। চুলায় একটু গ্যাস নেই। এই অবস্থায় আমরা চরম বিপদে আছি। বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্না-বান্না করছি। আর শীতের কারণে লাকড়ির চুলায় আগুন জ্বালাতেও অনেক ভোগান্তি পোহাতে হয়। কত দিন এই সমস্যা পোহাতে হবে জানি না।’
এলাকার বাসিন্দা ২০ থেকে ২৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরেই শহরের বাবুরাইল, পাইকপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, বাবুরাইল দেওভোগ, নিমতলা, সুতার পাড়া, মণ্ডলপাড়া, টানবাজার, কালিরবাজার, পালপাড়া, দেওভোগ, কাশিপুর, গলাচিপা, নন্দীপাড়া, গোয়ালপাড়া, কলেজ রোড, জামতলা, ইসদাইর, মাসদাইর, গাবতলী, উত্তর চাষাঢ়া, চাঁদমারি, মিশনপাড়া, আমলাপাড়া, ডন চেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, পাঠানতলী, হাজীগঞ্জ, গোদনাইল, জালকুড়ি, দক্ষিণ সস্তাপুর, কাঠেরপুল, কোতালেরবাগ, লাল খাঁ, সেহাচর, পাগলা, পঞ্চবটিসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট চলছে। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এদিকে নিট প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক বলেন, ‘গ্যাস-সংকটের কারণে শিল্প-কারখানার উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। চলতি অর্থবছরে দেশের জিডিপি যে ৭ শতাংশ ধরা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে। ফলে শিল্পায়ন এবং বিশেষ করে রপ্তানি খাতের গতি চালু রাখতে হলে অবশ্যই নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ প্রয়োজন।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জের বিভাগীয় উপমহাব্যবস্থাপক মকবুল আহম্মেদ বলেন, ‘তিতাসের গ্যাস পাইপলাইনে ময়লা থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। ময়লা পরিষ্কার করা হচ্ছে। এ কারণে অনেক এলাকায় ঠিকমতো গ্যাসের সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে।’
ফতুল্লা মডেল থানার এএসপি শরফুদ্দিন বলেন, এলাকাবাসী গ্যাসের সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। প্রায় আধা ঘণ্টা পরে তাঁদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
বিএনপির গণসমাবেশ: আগামী বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে গণসমাবেশের ঘোষণা দিয়েছে নগর বিএনপি। গতকাল দুপুরে নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জে চার দিন ধরে গ্যাসের চরম বিপর্যয় চলছে। এত দিন উত্তাপহীন নীল শিখায় গ্যাস জ্বললেও চার দিন ধরে চুলাতে কোনো শিখা উঠছে না।