নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গ্যাসের সংকট নিরসনের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল বুধবার সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিস ঘেরাওয়ে অংশ নেয় মাসদাইর, ইসদাইর ও গাবতলী এলাকার কয়েক শ মানুষ। পরে তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এতে বক্তারা বলেন, ‘এক বছর ধরে আমরা গ্যাস পাচ্ছি না। কিন্তু নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। গ্যাসের দাবিতে তিতাস গ্যাস অফিসে কয়েক দফা স্মারকলিপি দিয়েও কোনো কাজ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’ তাঁরা সাত দিনের মধ্যে গ্যাসের সমস্যার সমাধান করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক অচল করে দেওয়ার হুমকি দেন।মানববন্ধনে বক্তব্য দেন ফতুল্লা থানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, আলী আকবর মেম্বার, আইয়ুবুর আলী, আবুল কাশেম, মাসুদ চৌধুরী প্রমুখ।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে শহরের ইসদাইর, উত্তর গাবতলী, টাগারপাড়, সস্তাপুর, কোতালেরবাগ, লালপুর, মাসদাইর, উত্তর মাসদাইর, কাশিপুর, বাড়ৈভোগ, ভোলাইলসহ আশপাশের এলাকায় গ্যাসের তীব্র সংকট বিরাজ করছে। প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকে না। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও তিতাস কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস, কেরোসিনের স্টোভ ও লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। এতে প্রতি মাসে তাঁদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। তাঁরা বলেন, ‘বিল পরিশোধ করব, অথচ গ্যাস পাব না’—দিনের পর দিন এ রকম অবস্থা চলতে পারে না।শহরের মাসদাইর গাবতলী এলাকার বাসিন্দা সাংবাদিক রফিকুল ইসলাম, ইসদাইর এলাকার পরিবহন ব্যবসায়ী কামাল হোসেন ও সস্তাপুর এলাকার গৃহবধূ পারভীন আক্তারের অভিযোগ প্রায় একই রকম। তাঁরা এক বছর ধরে গ্যাস না পাওয়ায় প্রতিনিয়ত নানা দুর্ভোগে পড়ছেন বলে জানান। বাচ্চাদের খাবার রান্না থেকে শুরু করে দৈনন্দিন রান্নাবান্নার কাজে চরম ব্যাঘাত ঘটছে। মাসের পর মাস চলছে এ রকম পরিস্থিতি। এতে তাঁদের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের জেনারেল ম্যানেজার মজিবুল হক জানান, সংকট নিরসনে নতুন পাইপলাইন স্থাপনের কাজ চলছে। নতুন পাইপলাইন বসানো হলে সংকট নিরসন হবে বলে তিনি জানান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এলাকাবাসী তিতাস গ্যাস অফিস ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, এর আগেও গ্যাসের দাবিতে এলাকাবাসী কয়েক দফা ঢাকা-মুন্সিগঞ্জ, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছিল।