নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিক্ষোভ, অবরোধ
গ্যাস-সংকটের স্থায়ী সমাধানের দাবিতে নারায়ণগঞ্জ শহরের বৃহত্তর মাসদাইর এলাকার কয়েক হাজার এলাকাবাসী গতকাল রোববার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ (পুরান) সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল নয়টায় শহরের মাসদাইর পৌর কবরস্থানের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ (পুরান) সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে বিপুলসংখ্যক গৃহবধূ ও নারী শ্রমিক ঝাড়ু নিয়ে মিছিল এবং রাস্তায় বসে পড়ে বিক্ষোভ করে। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে পুলিশের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। বেলা ১১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে শহরের মাসদাইর, উত্তর মাসদাইর, কাশিপুর, বাড়ৈভোগ, ভোলাইলসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস-সংকট চলছে। প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকে না। বার বার অভিযোগ করা সত্ত্বেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে। ক্ষোভ প্রকাশ করে গৃহবধূ জোবেদা বেগম জানান, গ্যাসের অভাবে রান্নাবান্নায় দারুণ সমস্যা হচ্ছে। মাসের পর মাস ধরে চলছে এ রকম পরিস্থিতি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের মহাব্যবস্থাপক মজিবুল হক বলেন, গ্যাস-সংকট সমাধানে নতুন পাইপলাইন স্থাপনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। কিন্তু পৌরসভা থেকে রাস্তা কাটার অনুমোদন না দেওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। অনুমোদন পেলেই নতুন পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। নতুন পাইপলাইন বসানো হলে গ্যাস-সংকট কেটে যাবে বলে তিনি জানান।