নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গ্যাসের সমস্যা সমাধানের দাবিতে গতকাল রোববার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। আগামী সাত দিনের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান না হলে ওই কার্যালয়ে কোনো কর্মকর্তাকে ঢুকতে দেওয়া হবে না হলে তারা ঘোষণা দেয়। জানা গেছে, গত সাত-আট মাস ধরে নারায়ণগঞ্জ শহর ও পার্শ্ববর্তী ফতুল্লায় তীব্র গ্যাসসংকট বিরাজ করছে। গতকাল সকালে শহরের দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। এ মিছিলে বেপারিপাড়া, ভুঁইয়ার বাগ, দাতাসড়ক, সনখোলা, তাঁতীপাড়া, সুতারপাড়, পাইকপাড়া, বাবুরাইল, আমবাগান ও নন্দীপাড়া এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। বিক্ষুব্ধ এলাকাবাসী শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে শুয়ে আধাঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী শহরের চাষাঢ়া এলাকায় শহীদ মিনারে অবস্থান নেয়। সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করে। দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি আহমেদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জয়নাল, রাজা, মন্টু মিয়া, কলিমুল আলম, আহম্মদ বেপারি প্রমুখ। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী চাষাঢ়ার বালুর মাঠ এলাকার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা কার্যালয়ে প্রবেশের ফটকে তালা দিয়ে বন্ধ করে দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি আহমেদ আলী জানান, প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত নয়টা-১০টা পর্যন্ত গ্যাসের তীব্র সংকট হয়। বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়েই মানুষ আন্দোলনে নেমেছে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আমির হোসেন জানান, এক লাখ ৪৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৭৫ হাজার মিলিয়ন ঘনফুট। শীত কেটে গেলে শহরের আবাসিক এলাকায় গ্যাসসংকট অনেকটা কেটে যাবে। এ ছাড়া কাশীপুর ও মাসদাইর এলাকার সংকট নিরসনে সেখানে সাবস্টেশন বসানোর কাজ অচিরেই শুরু হচ্ছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, ‘গ্যাসের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করলে আমরা তাদের শান্ত করি।’