নারায়ণগঞ্জে বিস্ফোরকসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার ব্যক্তিকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান সন্দেহভাজন শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না, জানতেই রিমান্ডে নেওয়া হয় তাঁদের।
আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশ গতকাল রোববার মো. নাদিম, মো. ওমর, মো. সালাউদ্দিন ও মো. রফিক—এই চারজনকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে হাজির করে। তাঁদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। এ বিষয়ে শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার সাজিদের সঙ্গে ওই চারজনের যোগাযোগ আছে কি না, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা করা হবে জিজ্ঞাসাবাদে। গত ২৫ অক্টোবর এই ব্যক্তিরা বিস্ফোরকসহ ফতুল্লা থেকে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর থেকে তাঁদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছিল।
পুলিশ ধারণা করছে, ভারতে গ্রেপ্তার হওয়া সাজিদই হলেন নারায়ণগঞ্জের মাসুম।