নারায়ণগঞ্জে চলছে আনন্দ-উল্লাস
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন দুই দিন আগে শেষ হলেও এখনো চলছে আনন্দ-উল্লাস। পাড়া-মহল্লায় আয়োজন করা হচ্ছে মিলাদ ও দোয়া মাহফিল। দরিদ্র ব্যক্তিদের জন্য আয়োজন করা হচ্ছে কাঙালিভোজের। এদিকে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়ার্যা আইভীকে শুভেচ্ছা জানানো অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর বাড়িতে সাধারণ মানুষ, কর্মী-সমর্থক ও নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের ভিড় ছিল। তাঁরা আইভীকে ফুলেল শুভেচ্ছা জানান। অনেকে নিয়ে আসেন মিষ্টি। এ সময় আইভী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। বিকেলে শহরের বাবুরাইল এলাকায় একটি জনকল্যাণ সমিতি আয়োজিত গণভোজে অংশ নেন মেয়র আইভী।নির্বাচনকে কেন্দ্র করে শহরের প্রধান সড়ক, অলিগলিসহ বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেলেও গতকাল তা কোথাও দেখা যায়নি। শহরের দৃশ্যপট একেবারেই বদলে গেছে।