নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল বৃহস্পতিবার চাঁদা না পেয়ে এক বাসচালককে মারধর করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা। এর প্রতিবাদে চালক ও শ্রমিকেরা দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকায় বোরাক পরিবহনের কাউন্টারে এসে চাঁদা দাবি করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার কয়েকজন নেতা। চাঁদা না দেওয়ায় তাঁরা বোরাক পরিবহনের চালক আপনকে মারধর করেন। এর প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এলোপাতাড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন বোরাক পরিবহনের চালক ও শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিবহনশ্রমিকেরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন। এ ব্যাপারে বোরাক পরিবহনের পরিচালক মো. মামুন অভিযোগ করেন, শ্রমিক ইউনিয়নের নাম ভাঙিয়ে কথিত শ্রমিকনেতা সানাল মিয়া ও তাঁর দলবল পঞ্চবটীর প্রতিটি পরিবহন থেকে চাঁদাবাজি করছেন। চাঁদা না দিলে তাঁরা চালক ও হেলপারদের মারধরও করছেন। মারধরের বিষয়টি স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন পরিবহনশ্রমিক নেতা সানাল মিয়া। তিনি বলেন, ‘আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পঞ্চবটীতে যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বোরাকের চালকেরা মোড়ে এলোপাতাড়ি বাস রেখে যানজট সৃষ্টি করেন।’ ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, অবরোধ তুলে নেওয়া হয়েছে। মারধর ও চাঁদাবাজির ব্যাপারে বোরাক পরিবহনের পরিচালক মো. মামুন লিখিত অভিযোগ দিয়েছেন।