নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ইউএনওর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পৌরসভায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্মাণাধীন ভবনে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে বাড়ির নিরাপত্তা প্রহরীসহ পাঁচজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছেন ইউএনও।বাড়ির মালিক লক্ষ্মীপুরের রায়পুরের ইউএনও গোপাল চন্দ্র দাস জানান, চাষাঢ়ার মাধবী প্লাজা মার্কেটের পেছনে পৈতৃক সম্পত্তিতে তিনি ছয়তলা ভবন নির্মাণ করছেন। তিন-চার মাস ধরে শহরের আমলাপাড়া এলাকার আট-দশজন সন্ত্রাসী পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। গত শুক্রবার রাতে সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনে গিয়ে চাঁদা দাবি করে এবং দারোয়ান আনিস মিয়াকে মারধর করে। এ সময় দুই নির্মাণশ্রমিক বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদেরও মারধর করে এবং তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। গতকাল শনিবার সকালে আবার সন্ত্রাসীরা বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা আলামিনের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে। তারা আলামিনকে মুঠোফোনে ডেকে নিয়ে মারধর করে।