নারায়ণগঞ্জে চার ছিনতাইকারীর কারাদন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে চার ছিনতাইকারীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ বজলুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কামাল (৩৫), লালু মিয়া (৩৩), জাবেদ মিয়া (৩২) ও হাফিজুল হক (৪৩)। মামলা সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট রাত নয়টায় জেলা শহরের কাঁচারীগলি এলাকা থেকে ব্যবসায়ী গোলাম ফরিদকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ১৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ ছিনতাইকারী লালু মিয়া ও জাবেদকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অপর দুই ছিনতাইকারী কামাল ও হাফিজুলকে গ্রেপ্তার করে।