নারায়ণগঞ্জে চার দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর গত রোববার রাতে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। মাদক পরিবহনে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ মনিরুজ্জামান রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুসহ চারজনকে গ্রেপ্তার করেছে।র‌্যাব সূত্র জানায়, ১৩ জুলাই সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার মো. জামাল সিএনজিচালিত অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে হয়ে আর ফেরেননি। পরদিন ১৪ জুলাই অটোরিকশার মালিক আবুল হাসেম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৫ জুলাই জামালের স্ত্রী ও অটোরিকশার মালিক বিষয়টি র‌্যাব-১১-কে জানান। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জ শহরের পুরোনো কোর্ট ক্যাম্প অফিসের লে. কমান্ডার মাহবুবুল আলম ও সহকারী পুলিশ সুপার নাজির আহম্মেদ খানের নেতৃত্বে একটি দল গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনিরুজ্জামান রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুর সহযোগী খোকনকে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় জামালের অটোরিকশাটি। পরে র‌্যাব সদস্যরা ফতুল্লার জালকুড়ি এলাকা থেকে গালপোড়া রঞ্জু ও তাঁর সহযোগী শান্ত এবং আকাশকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ভোররাতে র‌্যাব সদস্যরা নারায়ণগঞ্জ শহরের ১৯৩ আমলাপাড়া প্রেসিডেন্ট রোড এলাকার একটি বাড়ির পাশের ময়লার স্তূপের নিচে পুঁতে রাখা জামালের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।র‌্যাব-১১-এর কর্মকর্তা নাজির আহম্মেদ খান জানান, রঞ্জু ওই সিএনজি অটোরিকশাচালক জামালকে নিয়ে কুমিল্লা থেকে মাদক আনত। এ ছাড়া ছিনতাই, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সিএনজি অটোরিকশাটি ব্যবহার করত তারা। সম্প্রতি রঞ্জু মাদক পরিবহনের জন্য সিএনজি অটোরিকশা ব্যবহার করতে চাইলে জামাল অস্বীকৃতি জানান। এতে রঞ্জু ক্ষিপ্ত হয়। ১৩ জুলাই রাতে রঞ্জু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জামালকে হত্যা করে। পরে ময়লার স্তূপের নিচে লাশ পুঁতে রাখে।