নারায়ণগঞ্জে চারটি পাটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের তামাকপট্টি এলাকায় গত রোববার তিনটি প্রতিষ্ঠানের চারটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ২০ কোটি টাকা মূল্যের পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নিতাইগঞ্জ তামাকপট্টি এলাকায় অবস্থিত কুমুদিনী ওয়েল ট্রাস্টের কাছ থেকে চারটি গুদাম ভাড়া নেয় শারমীন জুট বেলার্স, ইউনিভার্সেল জুট বেলার্স এবং টাঙ্গাইল জুট বেলার্স নামের তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে শারমীন জুট বেলার্স ভাড়া নেয় দুটি গুদাম। রোববার সকাল নয়টার দিকে শারমীন জুট বেলার্সের গুদামসংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দুটি গুদামেও ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় গুদামে রাখা বিপুল পরিমাণ পাট। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শারমীন জুট বেলার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলী জানান, আগুনে তাঁদের এক লাখ মণ পাট পুড়ে গেছে। অন্য দুটি প্রতিষ্ঠানের গুদামেও মজুদ করা প্রায় ৫০ হাজার মণ পাট ছিল। চারটি গুদামের মোট দেড় লাখ মণ পাট পুড়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আহসানুল কবির জানান, দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।