নারায়ণগঞ্জে চারতলা ভবন হেলে পড়েছে পাশের ভবনের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার একটি চারতলা ভবন পাশের একটি পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। সিটি করপোরেশন ভবনটি তালাবদ্ধ করে দিয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সকালে পশ্চিম দেওভোগের প্রয়াত ফিরোজ মিয়ার মালিকানাধীন চারতলা ভবনটির ওপরের অংশ পাশের কামাল হোসেনের মালিকানাধীন পাঁচতলা ভবনের ওপর হেলে পড়া অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় দুটি ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তাঁরাও দ্রুত ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন। দুপুরে সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ মনিরুজ্জামান ও নগর পরিকল্পনাবিদ ঘটনাস্থলে গিয়ে ভবনটি তালাবদ্ধ করে দেন।

এলাকাবাসী জানান, সম্প্রতি ভূমিকম্পের কারণে ভবনটি হেলে পড়েছে বলে তাঁরা ধারণা করছেন।

পাঁচতলা ভবনের মালিক কামাল হোসেন বলেন, হেলে পড়া চারতলা ভবনটির ওই জায়গায় আগে পুকুর ছিল। ভবনটি আগে ছোট ছিল, পরে এটি ওপরের দিকে সম্প্রসারণ করা হয়। এ কারণে ভবনটি হেলে পড়েছে। ভবনটি হেলে পড়ায় তাঁর ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দীন মনি জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম বলেন, ‘হেলে পড়া চারতলা ওই ভবনটি নির্মাণে সিটি করপোরেশন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ভবনটির কোনো নকশাও পাওয়া যায়নি। বুয়েটের বিশেষজ্ঞ দল পরীক্ষার পর ভবনটির বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে তিনি জানান।