নারায়ণগঞ্জে চালু হচ্ছে নগর তথ্য সেবাকেন্দ্র
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ডে আগামী দুই মাসের মধ্যে চালু হচ্ছে নগর তথ্যসেবাকেন্দ্র ও ইন্টার-অ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) সেবা। মার্চ থেকে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার।সিটি করপোরেশন মিলনায়তনে গতকাল সোমবার ‘নগর তথ্যসেবাকেন্দ্র’ স্থাপনবিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় এটুআই কর্মসূচির জাতীয় পরামর্শক রেজানুল হক বলেন, মুঠোফোনে আইভিআরে নির্দিষ্ট নম্বরে কল করে সিটি করপোরেশনের যেকোনো নাগরিকসেবা পাওয়া যাবে। এ ছাড়া তাঁরা কোনো বিষয়ে অভিযোগও দিতে পারবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনউল্লাহ নূরী জানান, প্রথম পর্যায়ে এটুআই কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের সদর, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল এলাকার নয়টি ওয়ার্ডে নগর তথ্যসেবাকেন্দ্র চালু করা হবে। পরে বাকি ১৮টি ওয়ার্ডে এই সেবা চালু করা হবে। আমিনউল্লাহ নূরী আরও জানান, আগামী মার্চ মাস থেকে করপোরেশনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। এখান থেকে নগরবাসী জন্মনিবন্ধন সনদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ সংগ্রহসহ যেকোনো বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।