নারায়ণগঞ্জে চিহ্নিত গুটি কয়েক লোক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সরকারের সহযোগিতা পেয়ে শামীম ওসমানের মতো চিহ্নিত গুটি কয়েক লোক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পাঁচ মাস পূর্ণ হওয়া উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তারা এ কথা বলেন। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক সাংসদ এস এম আকরাম বলেন, সরকারের পটপরিবর্তন ঘটলে শামীম ওসমানেরা আবারও রাতের আঁধারে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। সুতরাং ত্বকীসহ অন্যান্য হত্যাকাণ্ডে যেহেতু তাঁদের সম্পৃক্ততা রয়েছে, এখনই তাঁদের আইনের আওতায় আনতে হবে। না হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে বলবে, ওঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবেক সাংসদ আকরাম আরও বলেন, ‘আমার মনে হয়, বর্তমান সরকারের আমলে ত্বকী হত্যার বিচার হবে না। মামলাটি পুলিশের কাছে থাকার সময় জেলা ও পুলিশ প্রশাসন কিছুই করেনি। এ জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারকে একসময় নারায়ণগঞ্জের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। নারায়ণগঞ্জবাসী ডিসি-এসপিকে কখনই ক্ষমা করবে না। তবে মামলাটি র‌্যাবের কাছে যাওয়ার পর আশার আলো দেখা যাচ্ছে।’ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, লিটনের জবানবন্দিতেই প্রমাণিত হয়, এ ঘটনার সঙ্গে শামীম ওসমানেরা জড়িত। নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, জেলা পুলিশের ইফতার মাহফিলে যেখানে শামীম ওসমানদের মতো লোকদের অতিথি করে বিশেষ চেয়ার দেওয়া হয়, তখন আশঙ্কা হয়—এসব গডফাদারকে পুলিশ ধরবে না।সন্ত্রাস নির্মূল মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে ও খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক জহিরুল ইসলামের উপস্থাপনায় মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক মনি সুপান্থ, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথিন চক্রবর্ত্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেদ, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, কথাসাহিত্যিক ওয়াহিদ রেজা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, গার্মেন্ট শ্রমিক সংহতি আন্দোলনের অঞ্জন দাস, সাংবাদিক মাকসুদুর রহমান কামাল, জেলা মহিলা পরিষদের নেত্রী শাহানারা খানম প্রমুখ। গত ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ নগরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ত্বকী হত্যা মামলায় রিফাত, সীমান্ত ও ইউসুফ হোসেন লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। লাশ উদ্ধারের দিন রাতেই ত্বকীর বাবা রফিউর রাব্বি একটি হত্যা মামলা করেন। পরে তিনি সাবেক সাংসদ শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, জাপা নেতা হাজি রিপনের ছেলে সালেহ রহমান সীমান্ত, জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজসহ সাতজনকে অভিযুক্ত করে একটি অবগতিপত্র দেন পুলিশ সুপারের কাছে। তবে শামীম ওসমান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। রফিউর রাব্বির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এক আদেশে ত্বকী হত্যা মামলাটি ২০ জুন র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।