নারায়ণগঞ্জে চুরি হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে গত শনিবার চুরি হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্য সোহেল রানা ও তাঁর মা সুমি বেগমকে। গতকাল সোমবার বিকেলে ফতুল্লা মডেল থানার পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার উদ্ধার ও সুমি বেগমকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, শনিবার রাতে পশ্চিম দেওভোগের ব্যবসায়ী দেলোয়ারের বাড়ি থেকে একদল চোর ২০ ভরি স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। এ ঘটনায় দেলোয়ার বাদী হয়ে মামলা করেন। রোববার রাতে পুলিশ চোর সোহেলকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় তিন ভরি স্বর্ণালংকার। পরে তাঁর তথ্য অনুযায়ী কসবা এলাকায় অভিযান চালিয়ে সুমি বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অন্য মালামাল উদ্ধারে অভিযান চলছে।