নারায়ণগঞ্জে চৈতি কম্পোজিটকে ৬৬ লাখ টাকা জরিমানা
পরিবেশদূষণের অপরাধে ডাইং কারখানা চৈতি কম্পোজিট লিমিটেডকে ৬৬ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দূষণের অপরাধে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ জরিমানা করার ঘটনা। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ত্রিপুরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন এলাকায় এ আকস্মিক অভিযান চালিয়ে তারা কারখানাটি থেকে বিষাক্ত বর্জ্য বের হতে দেখে।শাস্তি হিসেবে কারখানাটিকে বর্জ্য পরিশোধন প্ল্যান্টের ত্রুটি দূর করা, স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়া দূষিত পানি প্রত্যাহার ও দূষণমুক্ত করতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই নির্দেশ না মানলে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তিন ঘণ্টাব্যাপী অভিযানে দেখা যায়, কারখানাটিতে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) কাজ না করায় নিঃসৃত রাসায়নিক তরল বর্জ্য কারখানার লেগুনের মাধ্যমে স্থানীয় জনসাধারণের কৃষিজমি, জলাশয় ও খালে ছড়িয়ে পড়ে মারাত্মকভাবে পরিবেশদূষণ ঘটাচ্ছে। অভিযানকারী দল বর্জ্য পরিশোধন প্ল্যান্ট থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন (ডিও) মাত্র শূন্য দশমিক ২৮ মি.গ্রা./লি. পায়, যা নির্ধারিত মানমাত্রার চেয়ে অনেক কম এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃতে পরিবেশদূষণ প্রতিরোধ অভিযানের আওতায় একটি দল কারখানা এলাকাটি পরিদর্শনে যায়। কারখানার বিষাক্ত বর্জ্যে এলাকার পরিবেশদূষণ, মাছের খামার নষ্ট ও কৃষিসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানকারীরা কারখানার তরল বর্জ্য সম্পূর্ণ খোলা অবস্থায় রেখে দূষণ সৃষ্টির প্রমাণ পান। অভিযানকারী দলটির অনুসন্ধানে চৈতি কম্পোজিট থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ সাত হাজার ঘনমিটার দূষিত তরল বর্জ্য নির্গমনের প্রমাণ পায়। কারখানাটিতে প্রতিদিন ১০ মেট্রিক টন নিট ফেব্রিক্স ডাইং করা হয়। অভিযানকালে কারখানাসংলগ্ন কৃষিজমিতে মারাত্মক দূষণের প্রমাণ পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী কারখানাটির দূষণ সম্পর্কে তাঁদের ক্ষোভ ও অভিযোগ জানান।