নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ২০
নারায়ণগঞ্জে গতকাল শুক্রবার ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিলে দুই দফা লাঠিপেটা করেছে পুলিশ। এতে সংগঠনের নেতা-কর্মী, পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পুলিশ মিছিল থেকে দুজনকে আটক করেছে।জানা গেছে, বিএনপির ৩০ নভেম্বরের ডাকা হরতালের সমর্থনে এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিনসহ অন্য নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা ছাত্রদল। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীদের একটি মিছিল শহরেরর ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় বাধা দেয় পুলিশ। লাঠিপেটা করে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আড়াইহাজার উপজেলার সফর আলী ভূঁইয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা মঞ্জুর হোসেন ও ছাত্রদলের কর্মী সেলিমকে আটক করে পুলিশ।এরপর দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের পুরাতন কোর্ট এলাকায় জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে পৌঁছে প্রতিবাদ সভা করার চেষ্টা করলে পুলিশ আবার বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশ আবার তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তখন পুলিশের লাঠির আঘাতে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল আহমেদ, ছাত্রদলের কর্মী শাহ আলম, আমির হোসেন, আবুল হোসেন, তানভীর হায়দার ও বাবু এবং পথচারী জোবায়ের হোসেন, মো. কালাম মিয়া, সবুজসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু বিনা উসকানিতে পুলিশ আমাদের লাঠিপেটা করেছে। আমাদের ব্যানার কেড়ে নিয়েছে।’ নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মিছিলে লাঠিপেটার বিষয়টি স্বীকার করে বলেন, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।এদিকে, গতকাল বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করে নারায়ণগঞ্জ সদর শ্রমিক দল। কিন্তু কর্মসূচি শুরুর আগে দুপুর থেকেই কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ। পরে কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। বিকেল সাড়ে চারটার দিকে নেতা-কর্মীরা কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।