নারায়ণগঞ্জে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার জেলার সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ৯১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ছিনতাইকারীদের কাছ থেকে একটি পিস্তল ও ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের শিকার আবদুল্লাহ এবং আটককৃত দুই ছিনতাইকারী দ্বীন ইসলাম ও আনোয়ারকে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি আবদুল্লাহ মুসলিমনগর নবীনগর এলাকা থেকে ফেরার পথে তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতি রোধ করে। তারা আবদুল্লাহর সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করে টাকাসহ ব্যাগটি নিয়ে পালাতে গেলে এলাকাবাসী দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। অন্য এক ছিনতাইকারী মোটরসাইকেলে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার জানান, জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করে নেওয়ার কথা স্বীকার করেছেন। অন্য ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।