নারায়ণগঞ্জে ছিনতাইয়ের দায়ে চার পুলিশ সদস্যের জেল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার ফাঁদে ফেলে ঢাকার তিন ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের চার পুলিশ সদস্য ও তাঁদের সহযোগী দুই প্রতারকের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত প্রধান বিচারিক আদালত আশরাফুজ্জামান জিলানী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর থানার চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্ুবেদার জাহাঙ্গীর, হাবিলদার মাহবুবুল আলম ভূঁইয়া, কনস্টেবল গিয়াসউদ্দিন ও কনস্টেবল মুজিবুর রহমান, প্রতারক আফাজউদ্দিন ও খোরশেদ আলম ওরফে আক্তার। এঁদের মধ্যে কনস্টেবল মুজিবুর রহমান পলাতক রয়েছেন।মামলার রায়ে জানা যায়, ২০০৯ সালের ২১ অক্টোবর রাতে কম দামে মোটর পার্টস দেওয়ার কথা বলে ঢাকার পলাশী এলাকার ব্যবসায়ী ফারুক হোসেন, মো. ফারুক মিয়া ও পলাশকে নারায়ণগঞ্জে নিয়ে আসে প্রতারক আফাজউদ্দিন ও খোরশেদ আলম ওরফে আক্তার। মণ্ডলপাড়া এলাকায় এলে চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ওই পুলিশ সদস্যরা সেখানে হানা দেন। তাঁরা ব্যবসায়ীদের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেন। পরদিন তাঁরা ঘটনাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শাহেদ আকবর ও সদর থানার ওসি আকতার হোসেন অনুসন্ধান শুরু করেন। নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ প্রতারক আফাজউদ্দিনকে আটক করে। আফাজউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার করা হয় সদর থানার চাষাঢ়া পুলিশ ফাঁড়ির সুবেদার জাহাঙ্গীর, হাবিলদার মাহবুবুল আলম ভূঁইয়া ও কনস্টেবল গিয়াসউদ্দিনকে। এ ঘটনায় ব্যবসায়ী ফারুক বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।