নারায়ণগঞ্জে ছেলেধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ছেলেধরা সন্দেহে তিনজনকে পিটুনি দিয়েছে জনতা। গতকাল শনিবার বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকা ও সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকার স্বপন মিয়ার ছেলে জাহিদ হাসানকে (৭) শহীদুল্লাহ (২৫) ও শাহ আলম (২৫) নামের দুই ব্যক্তি কিছু খেতে দেয়। কিন্তু জাহিদ তা না খেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। তার মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ওই দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।এদিকে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে মাসদাইর পাকাপুল এলাকায় আলামিন (৫) নামের এক শিশুকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যান সেলিম (৩০) নামের এক ব্যক্তি। শিশুটিকে নিয়ে মাসদাইর এলাকায় কবরস্থানের সামনে পৌঁছালে লোকজনের সন্দেহ হয়। তখন সেলিম দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ সেলিমকে উদ্ধার করে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।