নারায়ণগঞ্জে ছোটদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় গত মঙ্গলবার নারায়ণগঞ্জের জামতলায় অনুষ্ঠিত হয় ছোটদের বিজ্ঞান মেলা ‘খুদে বিজ্ঞানীদের রাজ্য’। শিশু সংগঠন নব প্রজন্ম দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছে। এতে শহরের ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রকল্প তুলে ধরে।
প্রদর্শিত ২৩টি প্রকল্পের মধ্যে নারায়ণগঞ্জ বার একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী আমানুর রহমানের সুন্দরবন বাঁচানোর আধুনিক পদ্ধতি প্রথম, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকার থ্রিডি গ্লাস দ্বিতীয় ও বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নোমান মোল্লার পানি অপচয় রোধ প্রকল্প তৃতীয় পুরস্কার পেয়েছে।
নারায়ণগঞ্জ ব্যাচ ১৯৯২-এর বিশেষ পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌসের পানি আর্সেনিকমুক্ত করার পদ্ধতি, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চবিদ্যালয়ের আতাউর রহমানের আধুনিক ধানখেত এবং আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আল রায়হান সরকারের পরিবেশদূষণ ও প্রতিকার ভাবনা।
এ ছাড়া মেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ফাইজা প্রথম, সামিয়া আমিন দ্বিতীয়, সৃজন পোদ্দার তৃতীয়; ‘খ’ গ্রুপে সামিয়া মল্লিক প্রথম, মাকসুদা চৌধুরী দ্বিতীয়, বর্ণালী সেন গুপ্তা তৃতীয় এবং ‘গ’ গ্রুপে শাহেদ আমিন প্রথম, ফারহান ফাইয়াজ ইসলাম দ্বিতীয় ও সামান্তা জুবায়দা হক তৃতীয় হয়েছে।
দিনব্যাপী এ মেলায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ আইইটি সরকারি উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ বার একাডেমি, নারায়ণগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মুসলিমনগর কে এম উচ্চবিদ্যালয়, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কিন্ডার কেয়ার স্কুল, চাইল্ড ল্যাবরেটরি স্কুল, মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওভোগ আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞান মেলা উদ্বোধন করেন শিক্ষানুরাগী কাশেম জামাল।
চিন্ময় সেন গুপ্তের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক কল্যাণী সেবা সংস্থার সভাপতি জি এম জাব্বার চিশতি।
অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, নাসা বিজ্ঞান ক্লাবের সভাপতি সাগর ও গণিত অলিম্পিয়াডে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জুনায়েদ দেওয়ান কামাল নিবিড়। উপস্থিত ছিলেন সংগঠক শাহ্ ফয়েজ উল্লাহ্, নারায়ণগঞ্জ ব্যাচ ১৯৯২-এর প্রতিষ্ঠাতা রাশেদুল হাসান ও আহ্বায়ক নেছার আলম, নারায়ণগঞ্জ বার একাডেমি ব্যাচ ১৯৯৪-এর দেওয়ান শাহ্জাহান সুমন, নব প্রজন্মের সহসভাপতি অসীম সরকার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শফিক কলিম ও সাংগঠনিক সম্পাদক সুজন সেন গুপ্ত।