নারায়ণগঞ্জে ছয় কিশোর ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় সিএনজি অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে ছয় কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার দুপুরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো সজল (১৭), আশিক (১৬), শাহিন (১৮), আসলাম হাওলাদার (১৯), বাবু (১৭) ও ইমাম হোসেন (১৯)। এরা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সরদারপাড়া এলাকার বাসিন্দা। ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, সাইনবোর্ড এলাকায় বাবু ও ইমাম সিএনজি অটোরিকশা (ঢাকা মেট্রো থ-১১-২৫৫১) ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালক আবুল হোসেন চিৎকার করলে টহল পুলিশ ছিনতাইকারী বাবু ও ইমামকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফতুল্লার সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের অন্য চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।