নারায়ণগঞ্জে ছয়টি অটোরিকশাসহ পাঁচজন আটক
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে গত শুক্রবার ছয়টি সিএনজিচালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছেন র্যাব-১১-এর সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন মো. বাবু, মনির হোসেন, মোফাজ্জল খান, মো. নূরে আলম ও আবদুল জব্বার। এর মধ্যে আবদুল জব্বার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী।র্যাব-১১-এর অধিনায়ক মেজর মো. আবু সাঈদ খান বলেন, গত শুক্রবার দুপুরে চাষাঢ়ায় মনিরের সিএনজি অটোরিকশা গ্যারেজের পাশে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা অটোরিকশা চুরির কথা স্বীকার করে র্যাবকে জানান, দীর্ঘদিন ধরে তাঁরা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় যাত্রীবেশে অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে উঠে চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে এবং অনেক সময় অস্ত্র দেখিয়ে জিম্মি করে চালককে অজ্ঞাত স্থানে ফেলে অটোরিকশা নিয়ে পালাতেন। পরে তাঁরা ওই অটোরিকশা ফিরিয়ে দেওয়ার বিনিময়ে চালকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। র্যাব কর্মকর্তা সাঈদ বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী ছয়টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।