নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানার বাড়ির মালিক রিমান্ডে
ভাড়াটেদের তথ্য গোপন করার অভিযোগে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গিরা যে বাড়িতে আস্তানা গেড়েছিল, সেই বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সোহেল মিয়া জানান, নুরুদ্দীনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।
গত শনিবার সকালে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় নুরুদ্দীন দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘণ্টাব্যাপী অভিযানে নিউ জেএমবির সামরিক প্রধান বাংলাদেশি বংশোদ্ভূত কানাডাপ্রবাসী তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
একটি মামলায় নিহত তিন জঙ্গিসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি এবং অন্যদিকে তথ্য গোপন করার অপরাধে ওই বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ানকে আসামি করে আরেকটি মামলা করা হয়। ঘটনার দিনই পুলিশ বাড়ির মালিক নুরুদ্দীন দেওয়ানসহ ১০ জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে নয়জনকে ছেড়ে দিলেও বাড়ি মালিককে গ্রেপ্তার দেখায় পুলিশ।