নারায়ণগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ
বন্দর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী নারায়ণগঞ্জ শহরের ১ নং বাবুরাইল এলাকার এক ব্যক্তির জমি দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ শহরের ১ নং বাবুরাইল এলাকার বাসিন্দা মো. হোসেন আলী গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে তাঁর জমিতে সামীনাপ্রাচীর নির্মাণের কাজ করতে যান। এ সময় জমির পাশের বাড়ির মালিক পরিবার পরিকল্পনা সহকারী জেসমিন আক্তার নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে জেসমিন আক্তার ও তাঁর লোকজন শ্রমিকদের নির্মাণ সরঞ্জামাদি ফেলে দেন এবং ওই জমি তাঁদের বলে দাবি করেন। এরপর হোসেন আলী বিষয়টি মুঠোফোনে পুলিশকে জানান। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে জেসমিন আক্তার কোনো দলিল দেখাতে ব্যর্থ হন।জমির মালিক হোসেন আলী বলেন, ‘আমার জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ করার সময় জেসমিন আক্তার তাঁর লোকজন নিয়ে কাজে বাধা দেন। তাঁরা শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং জমি দখলের চেষ্টা করেন।’জেসমিন আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, এটি তাঁদের পৈতৃক জমি। তবে দাবির সপক্ষে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ চন্দ্র সাহা বলেন, ‘আমি শুনেছি, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ব্যক্তিগত কাজের কথা বলে জেসমিন আক্তার এক ঘণ্টার মৌখিক ছুটি নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ উল্লাহ বলেন, জমি দখলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু জেসমিন আক্তার জমির মালিকানাসংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি।