নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সর্বত্রই চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। শহরের সুপার মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানেও গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে ডিআইটি বাণিজ্যিক এলাকা পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ৫০টিরও বেশি মার্কেটে রয়েছে কয়েক শ দোকান। এর মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, পোশাক, জুতা ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান।বিভিন্ন মার্কেট ঘুরে দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে তরুণী ও শিশুদের পোশাকের ক্ষেত্রে ভারত থেকে আমদানি করা পোশাকের চাহিদা বেশি। ‘শীলা’ ও ‘মুন্নি’র পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের জনপ্রিয় টিভি সিরিয়ালগুলোর দর্শকসমাদৃত নারী চরিত্রের নামে বেশির ভাগ শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গার নামকরণ করা হয়েছে। তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে এসব পোশাক ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে। তবে শাড়ির ক্ষেত্রে দেশীয় শাড়ির চাহিদাও কোনো অংশে কম নয়।শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের শাড়ির দোকান অনন্তার স্বত্বাধিকারী শিপ্রা চক্রবর্তী জানান, তাঁদের দোকানের সব শাড়ি টাঙ্গাইলের তাঁতিদের তৈরি। এ বছর জুট কাতান (২০০০-১০০০০ টাকা), কোটা বালুচরি (১৬০০-১৯০০), ব্লক (৬০০-৩০০০), সিল্ক (১০০০-৫০০০), তাঁত জামদানি (১৫০০-৩২০০), বালুচরি (১১০০ টাকা) শাড়ির দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। সুতা ও ডাইস কেমিক্যালের দাম বেড়ে যাওয়ায় এ বছর টাঙ্গাইল শাড়ির দাম গতবারের তুলনায় বেশি।একই মার্কেটের পুরুষদের দেশীয় পোশাকের দোকান লেকের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন জানান, পুরুষদের পাঞ্জাবিতে (৯০০-২৭০০ টাকা) কারুচুপি, মানিকগঞ্জের ভরাট কাজ, মেশিন এমব্রয়ডারি, ব্লক এমব্রয়ডারি, অল ওভার স্ক্রিন প্রিন্ট রয়েছে। সুতি শার্টগুলো (৪৫০-১২০০ টাকা) তৈরি করা হয়েছে এনডি মটকা, সিল্ক, ব্লক ও গ্রামীণ চেকে। সুতি ফতুয়ায় (৪৫০-৭৫০ টাকা) রয়েছে হাতের কাজ ও এমব্রয়ডারি।দেশের শীর্ষস্থানীয় বুটিক হাউস রঙের যাত্রা সান্ত্বনা মার্কেট থেকেই শুরু হয়েছে। গতকাল বিকেলে রঙের শোরুমে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নারায়ণগঞ্জের পুরোনো বুটিক হাউস নকশার স্বত্বাধিকারী জামাল জানান, এবার তাঁদের বেশি বিক্রি হয়েছে শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবি। প্রতিটি পোশাকেই রঙের প্রাধান্য রয়েছে।শহরের চাষাঢ়া এলাকার বেইলি টাওয়ার, হক প্লাজা, মার্ক টাওয়ার, সমবায় মার্কেট, প্যানোরমা প্লাজা, লুৎফা টাওয়ার, সায়াম প্লাজায় এখন গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড়।শহরের শায়েস্তা খান সড়কের ফ্রেন্ডস মার্কেটের পাঁচ শতাধিক দোকান মূলত দেশি কাপড়ের জন্য বিখ্যাত। এখানে শাড়ি, থ্রি-পিস, বিছানার চাদর, পর্দা ও সোফার কাপড় পাওয়া যায়। নারায়ণগঞ্জের জুতার বাজারে এবার দেশীয় জুতার পাশাপাশি চীন থেকে আমদানি করা জুতাও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, আমদানি করা জুতার দাম বেশ চড়া।নারায়ণগঞ্জের সবচেয়ে পুরোনো ও মধ্যবিত্তের কেনাকাটার জন্য জনপ্রিয় ডিআইটি বাণিজ্যিক এলাকার মার্কেটগুলোতে অন্যান্যবারের মতো এবারও ক্রেতাসমাগম বেশি। দেশি-বিদেশি পোশাক, জুতা, কসমেটিকস, অলংকার, শাড়ি থেকে শুরু করে সবকিছুই এই মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে এবার পোশাকের পাশাপাশি মুঠোফোনের বিক্রিও উল্লেখ করার মতো। এসব মার্কেটে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম উপহারও দেওয়া হচ্ছে।শহরের নয়ামাটি ও উকিলপাড়া এলাকার হোসিয়ারি শিল্পকারখানাগুলোতে উৎপাদিত পণ্য শুধু নারায়ণগঞ্জেই নয়, সারা দেশেই বিক্রি হচ্ছে। এ ছাড়া দেওভোগ এলাকায় পোশাক তৈরির কয়েক শ ক্ষুদ্র কারখানা শেষ মুহূর্ত পর্যন্ত পোশাক তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।শহরের বাইরে রূপগঞ্জের ভুলতায় গাউছিয়া মার্কেটে কয়েক হাজার দোকান দেশি বস্ত্রের জন্য খ্যাত। পবিত্র রমজান মাস শুরুর এক মাস আগে থেকেই সারা দেশ থেকে আসা ক্রেতারা এখান থেকে পাইকারি দরে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও গামছা কিনে নিয়ে যায়। আড়াইহাজার, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জের মানুষও ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছে।