নারায়ণগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদ ৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বিশাল মানববন্ধন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের চাষাঢ়া এলাকায় মানববন্ধন রচনা করা হয়। চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. সামছুর রহমান, পুলিশ সুপার শেখ নাজমুল আলম। এরপর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সদর আসনের সাংসদ নাসিম ওসমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. সাহাবুদ্দিন আহাম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহরের চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হল মিলনায়তনে জেলা প্রশাসন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বিকেলে জেলা আওয়ামী লীগ ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী কোরআনখানি, জাতির জনকের ঐতিহাসিক ভাষণ বাজিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।এদিকে সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের সামনে সোনারগাঁ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ আবদুল্লাহ আল কায়সার। পরে তিনি দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বঙ্গবন্ধুর ছয় পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ ছাড়া আড়াইহাজার, রূপগঞ্জ, বন্দর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।