নারায়ণগঞ্জে জিয়ার ম্যুরালে কালি, জেলা প্রশাসকের অপসারণ দাবি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত ‘শহীদ জিয়া হল’ মিলনায়তনের ছাদে স্থাপিত জিয়াউর রহমানের ম্যুরালে কালি লেপন করেছে দুষ্কৃতকারীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা ম্যুরালে কালি লাগিয়ে দেয়। বিএনপির নেতা-কর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ সভায় এর জন্য জেলা প্রশাসক এম সামছুর রহমানকে দায়ী করে তাঁর অপসারণ দাবি করেছেন।নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার বলেছেন, সন্ধ্যা সাতটায় তাঁরা জিয়াউর রহমানের ম্যুরালে কালি দেওয়ার বিষয়ে খবর পান। কিছুক্ষণের মধ্যে বিএনপির নেতা-কর্মীরা জিয়া হলের সামনে ভিড় জমান। সেখানে এক প্রতিবাদ সভায় নেতারা অভিযোগ করেন, জেলা প্রশাসক মো. সামছুর রহমানের প্রত্যক্ষ মদদে জিয়ার ম্যুরালে কালি লেপন করা হয়েছে। তাঁরা অবিলম্বে তাঁর অপসারণ দাবি করেন।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে রাতের আঁধারে জিয়া হলের নাম পরিবর্তন করা হয়েছিল। এবারও রাতের আঁধারে তাঁর ম্যুরালে কালি লেপন করা হয়েছে। মাকছুদুল আলম খন্দকার জানান, বুধবার (আজ) এর প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে তাঁরা স্মারকলিপি দেবেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেছেন, কালি মুছে ফেলা হচ্ছে।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জহিরুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।