নারায়ণগঞ্জে জীবন বিমা কর্মীর লাশ উদ্ধার
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কম্পিউটার অপারেটর রাকিবুল ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।রাকিবুল নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দুসী এলাকার কুদ্দুস মোল্লার ছেলে।রাকিবুলের মামা নাসির উদ্দিন জানান, রাকিবুল মতিঝিলে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। থাকতেন ঢাকার ফকিরাপুল এলাকার একটি মেসে। গত মঙ্গলবার রাকিবুল তাঁকে মুঠোফোনে কল করে জানান, কয়েকজন তাঁকে হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনা জানানোর পর বুধবার দুপুর থেকে রাকিব নিখোঁজ। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল ভোরে তাঁর মুঠোফোনে কল করে জানানো হয় রাকিবুলের মৃত্যু হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ময়নাতদন্তের জন্য রাকিবুলের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামা থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।