নারায়ণগঞ্জে জেএমবির তিন সদস্যকে আটক করেছে র্যা ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও মোগড়াপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিনজন সদস্যকে আটক করেছে র্যা ব। গতকাল সোমবার ভোরে র্যা ব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক যুবকেরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. মোস্তফা, ফুলবাড়িয়া এলাকার আবু রায়হান ওরফে হিমেল ও রাজধানীর ধামরাই এলাকার শরিফুল ইসলাম ওরফে শাহীন।
দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যা ব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, আটক যুবকেরা জেএমবির সক্রিয় সদস্য। র্যা বের কাছে তাঁরা নিজেদের জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানের অনুসারী বলে স্বীকার করেছেন।
র্যা ব কর্মকর্তা আরও বলেন, একুশে ফেব্রুয়ারি সামনে রেখে জেএমবির নাশকতা ও হামলার পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। এই দলের ঊর্ধ্বতন আরেক সদস্য সাকিবকে আটক করা সম্ভব হলে পরিকল্পনার বিষয়টি জানা যাবে।
র্যা বের ভাষ্য, আবু রায়হান নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত। মোস্তফা অভাবের কারণে মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। ২০১৪ সালের শেষের দিকে নিজ গ্রামের সাকিবের মাধ্যমে জেএমবিতে যোগ দেন। শরিফুল ইসলাম ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে নবম শ্রেণি পাস করেন। প্রতিবেদন লেখার সময় আটক যুবকদের থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।