নারায়ণগঞ্জে জেলা পরিষদের ৩২ কোটি টাকার জমি বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার জামতলায় জেলা পরিষদের ৩২ শতাংশ জমি রাতে সীমানা দেয়াল ভেঙে সাইফ উদ্দিন আহমদ নামের এক ব্যক্তি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে।১৫ দিন আগে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের ওই জমি দখলের ঘটনা ঘটলেও সাইফ উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি জেলা পরিষদ। দখলের ঘটনা জানেনও না জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। সাইফ উদ্দিন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক সাংসদ শামীম ওসমানের শ্বশুর। সাইফ উদ্দিনের দাবি, তিনি তাঁর নিজের জমি দখলে নিয়েছেন। এটি জেলা পরিষদের জমি নয়।অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের ডাকবাংলোর কাছে অবস্থিত ৩২ শতাংশ জমির বর্তমান বাজারমূল্য প্রতি শতাংশ এক কোটি টাকা হিসাবে ৩২ কোটি টাকা। জমির মালিকানা নিয়ে নারায়ণগঞ্জের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ২০১০ সালে মামলা হয়। ২০১০ সালে দেওয়া রায়ে আদালত ২১ শতাংশ জমি জেলা পরিষদকে এবং বাকি ১১ শতাংশ জমি সাইফ উদ্দিন আহমদের অনুকূলে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে অর্থাৎ বাকি ১১ শতাংশ জমির মালিকানাও দাবি করে গত বছর হাইকোর্টে আপিল করে জেলা পরিষদ। হাইকোর্টে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই সাইফ উদ্দিন তাঁর লোকজন দিয়ে রাতে জেলা পরিষদের সীমানা দেয়াল ভেঙে জেলা পরিষদের জায়গা দখল করেন এবং সেখানে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পেশায় ব্যবসায়ী সাইফ উদ্দিন শহরের জামতলার হাজি হায়দার রোড এলাকার বাসিন্দা। তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের পরিচালনা কমিটির অন্যতম পরিচালক। সংগঠনটি নারায়ণগঞ্জে একটি কলেজ, একটি স্কুল ও একটি মহিলা মাদ্রাসা পরিচালনা করছে। সংগঠনটির বর্তমান পরিচালনা কমিটিতে জেলা জামায়াতের আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ, সাবেক দুই জেলা আমির আবদুল কাদের ও নজরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও মুক্তিযুদ্ধের সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বর্তমানে কারাগারে আটক আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও রয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হাইকোর্টে আপিল নিষ্পত্তির আগেই সাইফ উদ্দিন আহমদ জেলা পরিষদের ৩২ শতাংশ মূল্যবান জমি রাতে দেয়াল ভেঙে দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। মূলত হাইকোর্ট থেকে সরেজমিনে তদন্ত করতে এলে যাতে প্রমাণিত হয় জমিটি সাইফ উদ্দিন আহমদের দখলে রয়েছে।হাইকোর্টে জেলা পরিষদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী হুমায়ুন কবীর ভূঞা প্রথম আলোকে জানান, ‘জেলা পরিষদ আমাকে এই মামলা পরিচালনার জন্য আজ পর্যন্ত কোনো ফি দেয়নি। তাই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারব না। হয়তো জেলা পরিষদ বর্তমানে মামলাটি নিয়ে তেমন আন্তরিক নয়।’নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন বলেন, জেলা পরিষদের জমির দেয়াল কারা ভেঙে দখল করেছে সে সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করলে সাইফ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, নিম্ন আদালত ১১ শতাংশ জমি তাঁর অনুকূলে রায় দিয়েছেন। পরে এর বিরুদ্ধে জেলা পরিষদ হাইকোর্টে আপিল করেছে কি না, তা তিনি জানেন না। কেননা, এ ব্যাপারে হাইকোর্ট তাঁকে কোনো নোটিশও দেননি। সাইফ উদ্দিন বলেন, ‘কিছুদিন আগে আমি আমার জমিতে টিনশেডের ঘর তুলেছি। তা জেলা পরিষদের জমি নয়।’