নারায়ণগঞ্জে জেলা পরিষদের ৩২ শতাংশ জমি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার জামতলায় গতকাল মঙ্গলবার জেলা পরিষদের ৩২ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার জেলা পরিষদ জমিটি অবৈধ দখলমুক্ত করে ও সীমানা দেয়াল ভেঙে গড়ে তোলা একটি ঘর ভেঙে ফেলে। এ-সংক্রান্ত একটি সংবাদ ৬ জুন প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পর জেলা পরিষদ নিজেদের মূল্যবান জমি দখলমুক্ত করতে পদক্ষেপ নেয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ঘরটি ভেঙে ফেলা হয়েছে। জেলা পরিষদের নিজস্ব জমিতে জেলা পরিষদের সাইনবোর্ড লাগানো হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের জমির সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, জেলা পরিষদের সীমানা দেয়ালঘেরা ওই জমির মালিকানা নিয়ে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ দ্বিতীয়-এর আদালতে ২০১০ সালে মামলা হয়। ২০১০ সালে দেওয়া রায়ে আদালত ২১ শতাংশ জমি জেলা পরিষদকে এবং বাকি ১১ শতাংশ জমি সাইফউদ্দিন আহমদের অনুকূলে রায় দেন। তবে বাকি ১১ শতাংশ জমির মালিকানাও দাবি করে জেলা পরিষদ হাইকোর্টে আপিল করে। হাইকোর্টে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই সাইফউদ্দিন আহমদ তাঁর লোকজন দিয়ে জেলা পরিষদের সীমানা দেয়াল ভেঙে সেখানে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে অবশেষে গতকাল জমিটি দখলমুক্ত করা হয়।