নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসের তীব্র সংকট
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে গৃহস্থালির কাজ নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শিল্পকারখানায়ও উৎপাদন ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বাবুরাইল, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, শীতলক্ষ্যা, তামাকপট্টি, নলুয়া, দেওভোগ, নিমতলা, সুতারপাড়া, মণ্ডলপাড়া, টানবাজার, কালীরবাজার, পালপাড়া, দেওভোগ, কাশিপুর, গলাচিপা, নন্দীপাড়া, গোয়ালপাড়া, কলেজরোড, জামতলা, মাসদাইর, গাবতলী, উত্তর চাষাঢ়া, চাঁদমারী, মিশনপাড়া, আমলাপাড়া, ডন চেম্বার, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, পাঠানতলী, হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। ১ নম্বর বাবুরাইল এলাকার গৃহবধূ ঝর্ণা রেজা বলেন, পবিত্র রমজান মাসের শুরু থেকে গ্যাসের সংকট শুরু হয়েছে। দিনে গ্যাস থাকে না। সন্ধ্যার পর গ্যাস কিছুটা এলেও আধঘণ্টা পর আবার চলে যায়।
পাইকপাড়া এলাকার বাসিন্দা মামুন আহম্মেদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে মাত্র আধঘণ্টা আমরা গ্যাস পাচ্ছি। বাকি সময় তিতাসের পাইপলাইনে গ্যাস থাকছে না। এতে বাড়িতে রান্নার কাজ করতে গিয়ে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
শাহীল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, গত সপ্তাহ থেকে গ্যাসের তীব্র সংকট চলছে। এতে শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রপ্তানি আয়ের স্বার্থে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান তিনি।
নিট প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক বলেন, ‘পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। শিল্প ও শিল্পায়নের স্বার্থে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা জরুরি।’
গ্যাস-সংকটের কথা স্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক মকবুল আহম্মেদ বলেন, যেসব এলাকায় গ্যাসের সংকট চলছে, এলাকাগুলো চিহ্নিত করার জন্য সার্ভে (জরিপ) করা হচ্ছে। এসব এলাকার সমস্যা সমাধানে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।