নারায়ণগঞ্জে জ্বালানি তেল চুরির সময় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্যাংকলরি থেকে তেল চুরির সময় সাড়ে ছয় হাজার লিটার অকটেন ও একটি ট্রাংকলরিসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১০-এর সদস্যরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকার চোরাই জ্বালানি তেলের আস্তানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে ট্যাংকলরিসহ তাঁদের ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে র‌্যাব।র‌্যাব-১০-এর উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে ফতুল্লার কুতুবপুরে চোরাই তেল ব্যবসায়ী সেলিমের আস্তানায় অভিযান চালিয়ে সাড়ে ছয় হাজার লিটার এসব অকটেন ও ট্রাংকলরি আটক করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় চোরাই জ্বালানি তেল ব্যবসায়ী সেলিম মিয়া (৪০) ও ট্যাংকলরির চালক লিটন হাওলাদারকে (৩৫)। এ ছাড়া সেলিমের আস্তানা থেকে ১০টি খালি তেলের ড্রাম, পাঁচটি তেলের টিন এবং একটি ৫০ ফুট লম্বা মোটা পাইপও জব্দ করা হয়। ট্যাংকলরিটি ফতুল্লায় অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে ঢাকায় রওনা দেয়। পথে কুতুবপুরে সেলিমের তেলের আস্তানায় গিয়ে তেল চুরি করে বিক্রির সময় র‌্যাব-১০-এর সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে।