নারায়ণগঞ্জে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় গত মঙ্গলবার রাতে ঝড়ে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়। বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ও অনেক গাছপালা উপড়ে পড়ে।
আড়াইহাজার উপজেলার গহরদী গ্রামের রিপন মিয়া বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে তাঁর শিশু রাহাত ইসলাম (৭) ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে ঝড় শুরু হয়। এ সময় একটি আমগাছ ভেঙে ঘরের ওপর পড়লে রাহাতের মৃত্যু হয়।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পনির প্রধান বলেন, ঝড়ে তাঁর বসতঘরে গাছ পড়ে অনেক ক্ষতি হয়েছে। এ ছাড়া তাঁর আমবাগানের সাতটি গাছ উপড়ে গেছে।
রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রহিজউদ্দিন বলেন, ঝড়ে রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ পড়ে অনেকের ঘর লন্ডভন্ড হয়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী আলী হোসেন বলেন, মঙ্গলবার রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। গতকাল বুধবার সকাল থেকে সংস্কারের কাজ করা হচ্ছে।