নারায়ণগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগে যন্ত্রপাতিসহ মিলের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকালে ফতুল্লার শেহারচর এলাকায় ইউনিকম টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সকাল সাড়ে নয়টার দিকে ফতুল্লার শেহারচর এলাকায় অবস্থিত ইয়ুথ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিকম টেক্সটাইল মিলস লিমিটেডে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কারখানার যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউনিকম টেক্সটাইল মিলসের চেয়ারম্যান আশরাফ উদ্দিন দেওয়ান জানান, আগুনে মেশিন, তৈরি কাপড়, সুতা, রাসায়নিক দ্রব্যাদিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।