নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে ডাকাতি, অর্ধকোটি টাকার মালামাল লুট
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকার মাদারস কম্পোজিট টেক্স ও টেক্সটাইল মিলে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা মিলের নিরাপত্তাপ্রহরী ও শ্রমিকদের হাত-পা বেঁধে সুতা, থান কাপড় ও নিটিং মেশিনের পার্টসসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে গেছে।মিলের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে ২০-২৫ জনের একদল মুখোশধারী ডাকাত দেয়াল টপকে মিলের ভেতর ঢোকে। ডাকাতেরা মিলের দুই নিরাপত্তাপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে কলাপসিবল গেটের তালা কেটে মিলের ভেতর ঢুকে ছয় শ্রমিকেরও হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁদের স্টোর রুমে আটকে রাখে।আসাদুজ্জামান বলেন, ডাকাতেরা মিলের গুদাম থেকে ২২ লাখ টাকা মূল্যের ছয় টন সুতা, ২৩ লাখ টাকার মূল্যের পাঁচ টন গ্রে কাপড় ও আট লাখ টাকা মূল্যের নিটিং মেশিনের পার্টসসহ অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।