নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গতকাল সোমবার যাত্রীবোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাট ইজারাদারের টোল আদায়ের ঘর ভাঙচুর ও উদ্ধারকাজে বিলম্বের অভিযোগে উদ্ধারকারী দলের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। দুপুর ১২টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় চার ঘণ্টা যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।যাত্রীরা অভিযোগ করে বলেন, প্রশাসন ও পুলিশসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিষ্ক্রিয়তার কারণে ইজারাদারদের স্বেচ্ছাচারিতার কাছে তারা জিমিঞ্চ হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে নৌ-দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় কেন্দ্রীয় খেয়াঘাট থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদীর পশ্চিমপাড় শহরের টার্মিনাল খেয়াঘাটে যাচ্ছিল। ট্রলারটির ছাউনির ওপরে অনেক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীবহনের কারণে ছাউনি ভেঙে পড়ে। ফলে ট্রলারটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে ওঠে। এ ছাড়া আশপাশের ট্রলার ও নৌকার লোকজন এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে। এ সময় কমপক্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রাজীব, মো. সোহরাব, মজনু মিয়া ও মো. রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রলারডুবির ঘটনায় বিক্ষুব্ধ যাত্রীরা শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ইজারাদারের টোল আদায়ের ঘরে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ছাড়া সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা উদ্ধারকাজে বিলম্বের অভিযোগে বন্দর খেয়াঘাট এলাকায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বাধা দিলে পুলিশের সঙ্গে জনতার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা নৌপুলিশ ফাঁড়ি লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে র্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র্যাব ও পুলিশের প্রহরায় উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালায়। দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি বিআইডব্লিউটিএর টাগবোটের সাহায্যে উদ্ধার করা হয়। হামলার পরপরই ইজারাদারদের লোকজন পালিয়ে যায়। ইজারাদারের লোকজন পলাতক থাকায় সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রলার চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশের উদ্যোগে ইজারাদারের লোকজনকে ঘাটে আনা হলে আবারও ট্রলার চলাচল শুরু হয়। যাত্রীদের অভিযোগ, খেয়া পারাপারের জন্য চারটি ট্রলার চালানোর নিয়ম থাকলেও সেখানে দুটি ট্রলার চলাচল করছে। প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে লক্ষাধিক মানুষ পারাপার হয়। ট্রলারগুলোর ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে চলাচল করে। ফলে বার বার ঘটছে দুর্ঘটনা। টোল আদায়ের নামেও নিরীহ যাত্রীদের নানাভাবে হয়রানি ও নিপীড়নের শিকার হতে হয়। ইজারাদারেরা প্রভাবশালী রাজনৈতিক মহলের মদদপুষ্ট থাকায় বিআইডব্লিউটিএ তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয় না। প্রশাসন ও পুলিশের একশ্রেণীর কর্মকর্তার সঙ্গে তাদের গোপন আঁতাত রয়েছে। ফলে এসব বিষয়ে কোনো অভিযোগ দিলেও কোনো কাজ হয় না। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ট্রলারডুবির পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিআইডব্লিউটিএর টাগবোট উদ্ধারকাজ শুরু করে। এর পরও বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।